সাপেদের “কমব্যাট ড্যান্স” বা “যুদ্ধ নৃত্য”
“কমব্যাট ড্যান্স” বা “যুদ্ধ নৃত্য” মূলত পুরুষ সাপেদের সামর্থ্য ও আধিপত্য অর্জনের লড়াই। আমাদের অনেকেরই, বিশেষ করে গ্রামাঞ্চলের বাসিন্দাদের এমন দৃশ্য দে...
“কমব্যাট ড্যান্স” বা “যুদ্ধ নৃত্য” মূলত পুরুষ সাপেদের সামর্থ্য ও আধিপত্য অর্জনের লড়াই। আমাদের অনেকেরই, বিশেষ করে গ্রামাঞ্চলের বাসিন্দাদের এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। এমন দৃশ্য দেখে অনেকেই ধারণা করেন দুটো গোখরা মেটিং (মিলন) এর প্রস্তুতি নিচ্ছে। আবার অনেকেই মনে করেন গোখরো এবং দাঁড়াশের যুদ্ধ হচ্ছে। অনেকে তো এমনও মনে করেন যে গোখরো এবং দাঁড়াশ মিলন করবে, যার ফলে দাঁড়াশ টা বিষধর হয়ে যাবে! এটা খুবই প্রচলিত একটা কুসংস্কার। দুইটি ভিন্ন প্রজাতির সাপেরা কখনো মিলন করে না, কোনো কারণে করলেও মিলনের ফলে নির্বিষ সাপ কখনো বিষধর হয় না। কমব্যাট ড্যান্স মূলত স্ত্রী সাপের সেক্স-ফেরোমোনের প্রভাবে সংগঠিত হয়। একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী সাপ মিলনের উপযুক্ত ও আগ্রহী হলে সে তার চলার পথে সেক্স-ফেরোমোন (একটো-হরমোন) নিঃসরণ করতে করতে যায়। নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো পুরুষ আগ্রহী ও প্রাপ্তবয়স্ক সাপ থাকলে সেই নিঃসরণকৃত ফেরোমোনের গন্ধে আকৃষ্ট হয়ে সেটা অনুসরণ করে স্ত্রী সাপের পথে আগাতে থাকে। এসময় একই এলাকায় একাধিক প্রাপ্তবয়ষ্ক এবং আগ্রহী পুরুষ সাপ থাকলেই মূল ঘটনার সূত্রপাত ঘটে। পথিমধ্যে দুটো পুরুষ সাপের দেখা হলেই শুরু হয়ে যায় সেই বিশেষ যুদ্ধ। মানুষ সহ অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যুদ্ধ মানেই রক্তক্ষয়ী পারস্পারিক আক্রমণ হলেও সাপেদের ক্ষেত্রে এটা সাধারণত কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয়। যদিও নির্বিষ সাপেদের কমব্যাট ড্যান্সে কামড় দেওয়ার এবং আক্রমণের প্রবণতা বেশি দেখা যায়, বিষধর সাপেদের ক্ষেত্রে সেটা তুলনামূলক অনেক কম। কমব্যাট ড্যান্স শান্তিপূর্ণ হওয়ায় অনেকেই একে courtship dance এর সাথে মিলিয়ে ফেলে। courtship dance হলো স্ত্রী সাপকে তার প্রতি আগ্রহী করার চেষ্টা করার জন্য পুরুষ সাপের কর্মকান্ড। courtship এবং combat এর মূল পার্থক্য গুলো হলো combat dance এর সময় দুটো সাপই পুরুষ হবে এবং দুটোই খুব সক্রিয় থাকে। এবং এরা নিজেদের দেহের উপরিভাগ মাটি থেকে মোটামুটি ১.৫-২ ফুট উপরে রাখে। অপরদিকে courtship dance এ একটি পুরুষ ও অপরটি স্ত্রী সাপ থাকে। পুরুষ সাপকে বেশি সক্রিয় দেখায়, স্ত্রী সাপ শুধু আগ্রহ দেখায় তার কর্মকান্ডে। এবং courtship dance এর সময় এদের শরীর মাটিতেই স্বাভাবিক ভাবে অবস্থান করে।
এই যুদ্ধের নিয়মটা একটু হাস্যকর হতে পারে, একটি সাপ তার প্রতিপক্ষ সাপটি থেকে কত বেশি উঁচুতে মাথা ওঠাতে পারে এটা নিয়েই লড়াই চলে, এটাই কমব্যাট ড্যান্সের নিয়ম। প্রতিনিয়ত দুটি সাপ পরস্পরের তুলনায় উপরে মাথা ওঠায়। একজনের মাথা নিচ করিয়ে আরেকজন উঁচুতে উঠে যায়, সাথে সাথেই নিচেরটা আবার উপরে মাথা তুলে। এভাবেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত একটা সাপ হার শিকার করে না নেয়। ২-১ ঘন্টা পর্যন্ত যুদ্ধ চলার পর একটি সাপ হার মেনে এলাকা ত্যাগ করে। বিজয়ী সাপটি আবার নিজের লক্ষ্যে স্ত্রী সাপের গন্তব্যে এগুতে থাকে। আমাদের দেশে দাঁড়াশ সাপের কমব্যাট ড্যান্স সচরাচর চোখে পরে বলে অনেকেরই ধারণা শুধু দাঁড়াশ সাপই কমব্যাট ড্যান্স করে, ধারণাটা সঠিক নয়। দাঁড়াশ সহ কালাচ, গোখরা, ভাইপার, রাজ গোখরার মতো আরো অনেক সাপই কমব্যাট ড্যান্সে অংশ নিতে পারে।
নাবিদ আল জুবায়ের
Facebook প্রোফাইল ↗Organizing secretary, WSRTBD.
এই নিবন্ধের সকল তথ্য জনসচেতনতামূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। সাপে কামড়ের ক্ষেত্রে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি জেলা সদর হাসপাতালে যোগাযোগ করুন।